
আলী আহমদ রিপন
মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগরে শারীরিক ও বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। ঘটনার পর অভিযান চালিয়ে মাত্র ছয় ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তির নাম অপু মিয়া (৪০)। তিনি রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে। তিনি ভুক্তভোগী তরুণীর প্রতিবেশী।
মামলার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে তরুণীর মা অন্যের বাড়িতে রান্নার কাজে গেলে তিনি বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশী অপু মিয়া কৌশলে তরুণীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তরুণী চিৎকার করলে অভিযুক্ত তাঁর গলা চেপে ধরেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে বাড়িতে ফিরে মেয়ের ইশারায় ঘটনার বিষয়টি জানতে পারেন তাঁর মা রেবেকা বিবি (৬০)। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি রাজনগর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার প্রধান অভিযুক্ত অপু মিয়াকে ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধী ও অসহায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।