
বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের দিরাই উপজেলাজুড়ে ইতিপূর্বেই শুরু হয়েছে নানা সমীকরণ ও আলোচনা। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা হুমায়ুন কবির তালুকদার। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গুঞ্জন রয়েছে, আগামী নির্বাচনে দিরাই উপজেলা চেয়ারম্যান পদে বড় চমক দেখাতে পারেন তিনি।
হুমায়ুন কবির তালুকদার মূলত ছাত্ররাজনীতি থেকে গড়ে ওঠা এক লড়াকু নেতৃত্ব। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি অত্যন্ত সুনামের সাথে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হিসেবে দক্ষতার পরিচয় দেন।
স্থানীয় পর্যায়ে দলের ভিত মজবুত করতে তিনি দিরাই উপজেলা যুবদলের সভাপতি এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দিরাই পৌরসভার বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে হুমায়ুন কবির তালুকদার রাজপথে এক সাহসী ও সংগ্রামী নাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হয়েছেন। বারবার জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের প্রতিটি কঠিন সময়ে মাঠের নেতাকর্মীদের আগলে রেখেছেন এই পরীক্ষিত রাজনীতিবীদ।
স্থানীয় নেতাকর্মীদের মতে, হুমায়ুন কবির তালুকদার একজন খাঁটি কর্মীবান্ধব নেতা। শুধু দলীয় রাজনীতিই নয়, দিরাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিটি অঙ্গনে রয়েছে তাঁর স্বতঃস্ফূর্ত ও সক্রিয় ভূমিকা। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থেকে সব সময় তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ফলে সাধারণ মানুষের মাঝেও তাঁর একটি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি হয়েছে।
হুমায়ুন কবির তালুকদারের অনুসারী ও তৃণমূলের কর্মীরা জানান, দিরাই উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন যোগ্য, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান দিরাইবাসী।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, হুমায়ুন কবির তালুকদারকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ও উদ্দীপনা ততটাই বাড়ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দিরাই উপজেলা চেয়ারম্যান পদে তিনি এক বড় চমক হিসেবে আবির্ভূত হতে পারেন।