
মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
শুধু সিরাজগঞ্জেই নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন মামুন বিশ্বাস। সাড়া ফেলেছেন গোটা দেশ জুড়ে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের অসহায়, দরিদ্র, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং পশু পাখির পাশে দাঁড়িয়ে নীরবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি।
মাত্র ৩৮ বছর বয়সেই মানুষের সহযোগিতা নিয়ে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন করেছেন মামুন বিশ্বাস। বিয়ের আয়োজন থেকে শুরু করে স্বর্ণালংকার, খাবার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর ব্যবস্থা করতে তিনি নিজ উদ্যোগে মানুষের কাছ থেকে অর্থ ও সহযোগিতা সংগ্রহ করেন। এরপর সেই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
তবে তাঁর মানবিক কর্মকাণ্ড শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। অসুস্থ ও বিপদগ্রস্ত প্রাণীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, সুস্থ করে পুনরায় তাদের নিজস্ব পরিবেশে ফিরিয়ে দেওয়ার কাজও করে থাকেন তিনি। মানুষের পাশাপাশি সৃষ্টিজগতের প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এসব কাজ করে যাচ্ছেন বলে জানান মামুন বিশ্বাস।
অসহায় মানুষের জন্য ঘরের ব্যবস্থা করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দোকান করে দেওয়া এবং অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতা করাও তাঁর মানবিক কর্মকাণ্ডের অন্যতম অংশ।
স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান তিনি। কোথাও কোনো অসহায় মানুষের দুর্দশার খবর পেলে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো অসহায় মানুষ, ইয়াতিম, দরিদ্র পরিবার কিংবা কন্যা দান দায়গ্রস্থ থেকে মুক্তি দিতেই মামুন বিশ্বাসের অক্লান্ত অবিরাম প্রচেষ্টা।
মামুন বিশ্বাস শুধু একটি নাম নয় ! মামুন বিশ্বাস একটি সমস্যার সমাধান। গরীব দুঃখী ,অসহায়, ইয়াতিম, বিধবা, কন্যা দায়গ্রস্থতা,মানুষ এবং পশু পাখির আশার আলো।